ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Printed Edition

রাজশাহী ব্যুরো

মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ এবং কুদস দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ইরানের ওপর ইহুদিবাদী আমেরিকা ও ইসরাইলের আগ্রাসন এবং বর্বরোচিত ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন, এই হামলায় বিশ্বের প্রভাবশালী ধর্মীয় নেতা ইরানের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসাইনী খামেনীকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসঙ্ঘ সনদের অবমাননা- যা একটি জঘন্য অপরাধ। শক্তিধর রাষ্ট্র হিসেবে আমেরিকা ও ইসরাইল অন্য একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এভাবে হামলা চালাতে পারে না। এটি শুধু একটি দেশের ওপর আক্রমণ নয়, বরং বিশ্বশান্তির ওপরও আঘাত।

বক্তারা আরো বলেন, আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনে নিরীহ শিশুদের ওপর বোমা হামলা এবং খামেনীর হত্যাকাণ্ডে বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতাসহ কোটি মানুষের হৃদয়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কুদস দিবসে বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বক্তারা বলেন, বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত, যা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বর্তমানে এটি ইসরাইলের দখলে রয়েছে। মুসলিম জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। তাই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়াতে হবে এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা বিশ্ববাসী এবং বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে আমেরিকা ও ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং শান্তি, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরাইল-আমেরিকার আগ্রাসন বন্ধ করো’ ইত্যাদি শ্লোগান দেন তারা। মানববন্ধন শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো: আলী আকবর, উপদেষ্টা মো: নাদিম রেজা, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মোহাম্মদ আমিন মাদ্রাসার শিক্ষক মাজেদুল ইসলামসহ অন্য শিক্ষকরা।