নেতাকর্মীদের উচ্ছ্বাস : অর্ধশত এমপির সাথে বৈঠক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তার গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাতটার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
সরেজমিন দেখা গেছে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকার সড়কের দুইপাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী। তাদের কারো কারো হাতে দেখা গেছে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। ছাত্রদল, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব ক’টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’ ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দেন। তারেক রহমান আসার আগে থেকেই নয়াপল্টন সড়কে নেতাকর্মীদের ভিড় থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে দেখা গেছে।
এ দিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।
জানা গেছে, বিএনপি চেয়ারম্যান সারা দেশ থেকে বাছাইকৃত ৪৫ জন সংসদ সদস্যের সাথে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন। পরবর্তীতে অন্যদের সাথেও কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করবেন। এর আগে বৈঠকে আমন্ত্রণ পাওয়া লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এ প্রতিবেদককে বলেন, তিনি বৈঠকের দাওয়াত পেয়েছেন। কিন্তু বৈঠকের এজেন্ডার বিষয়ে কিছু জানেন না বলে জানান।
সূত্র জানায়, কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মূলত দল পুনর্গঠন ও সরকারের নেয়া নানা উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে দলকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া সরকারের নেয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। একইসাথে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরার নির্দেশনা দেয়া হয়েছে।