মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফেরাতে শিক্ষক নেতাদের সহযোগিতা চান ইআবি ভিসি

Printed Edition
artho-3
মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফেরাতে শিক্ষক নেতাদের সহযোগিতা চান ইআবি ভিসি

মাদরাসা শিক্ষার ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক নেতাদের সহযোগিতা কামনা করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, মাদরাসা শিক্ষা এমন একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা, যা দুনিয়া ও আখিরাত-উভয় জগতের কল্যাণমুখী পথনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের আমল-আখলাক, তাহজিব ও তমদ্দুন গঠনে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। গতকাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিসি বলেন, মাদরাসার শ্রেণীকক্ষগুলোকে শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, বিষয়ভিত্তিক গঠনমূলক পাঠদান এবং যথাযথ দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়- সবাইকে একটি পরিবার উল্লেখ করে একাডেমিক সিলেবাস, পরীক্ষাপদ্ধতি কিংবা প্রশাসনিক যেকোনো বিষয়ে উপস্থিত শিক্ষক নেতাদের গঠনমূলক সংশোধনে সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি। একইসাথে আশ্বস্ত করেন, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক সেবাদানে সর্বদা আন্তরিক থাকবে।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে শিক্ষক নেতারা নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারীর মুনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এ সময় প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীসহ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শিক্ষক নেতা এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।