মিয়ানমারে পাচারকালে সাড়ে ৮ শ’ বস্তা সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মিয়ানমারে পাচারকালে সাড়ে ৮ শ’ বস্তা সিমেন্টবোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার দিবাগত রাত ১১টার দিকে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা হতে এসব সিমেন্ট এবং পাচারকারীদের পাকড়াও করা হয়।

নৌবাহিনীর পক্ষ হতে জানানো হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করছে। সেই সাথে সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। সমুদ্রে টহল কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা হতে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১১টায় সেন্টমার্টিন লাইটহাউজ হতে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’। তৎক্ষণাৎ নৌবাহিনী জাহাজ কাঠের বোটের অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামক বোটটিকে আটক করে।