ইবিয়ান ক্লাবের আড্ডা
উত্তরায় ঘোষণা হলো হালাল কাবের
Printed Edition
বিনোদন প্রতিবেদক
রাজধানীর উত্তরায় সম্পূর্ণ এক ভিন্নধর্মী ও মার্জিত আবহে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইবিয়ান ক্লাব লিমিটেড’-এর প্রথম মতবিনিময় সভা ও নৈশভোজ। বিনোদন অঙ্গনের তারকা নির্মাতা থেকে শুরু করে সমাজ ও শিল্পের বিভিন্ন স্তরের গুণীজনদের উপস্থিতিতে মুখর ছিল এই আয়োজন। তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ক্লাবটিকে একটি ‘হালাল ক্লাব’ হিসেবে গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা, যা উপস্থিত সবার মাঝে দারুণ সাড়া ফেলেছে। সম্প্রতি উত্তরা ক্লাব লিমিটেডের লোটাস হলরুমে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে শতাধিক ইবিয়ান সদস্য অংশ নেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবিয়ান ক্লাব লিমিটেডের সভাপতি ড. আশরাফুর রহমান। তিনি ক্লাবের মেমোরেন্ডাম ও গঠনতন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ঘোষণা করেন, সামাজিক মেলবন্ধনের পাশাপাশি ক্লাবটি সম্পূর্ণ একটি ‘হালাল ক্লাব’ হিসেবে পরিচালিত হবে। সুস্থ ধারার বিনোদন, পারিবারিক পরিবেশ এবং নৈতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে এই ক্লাবের সব কার্যক্রম পরিচালিত হবে। তার এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী ঘোষণা উপস্থিত সদস্যদের হাততালিতে মুখরিত হয় এবং ইতিবাচক সাড়া ফেলে। স্বাগত বক্তব্যের পর শুরু হয় উন্মুক্ত আলোচনা পর্ব। বিনোদন ও সংস্কৃতির মেলবন্ধনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গঠনমূলক দিক নিয়ে আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিরা। এতে বক্তব্য রাখেন বাসসের সাংবাদিক এম এম রাশিদুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ হাসনাত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহম্মদ আলী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আজগর আলী। অনুষ্ঠানের শেষভাগে আড্ডার আমেজ আরো জমিয়ে তুলতে যোগ দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এম এম জাহাঙ্গীর আলম। তিনি ইবিয়ান ক্লাবের সভাপতি ও সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। মনোজ্ঞ ও সুস্থ সংস্কৃতির এই মিলনমেলাটি সফল করতে পর্দার আড়াল থেকে বিশেষ পৃষ্ঠপোষকতা করেছেন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতি ও বিনোদন জগতের সুপরিচিত মুখ। তাদের মধ্যে অন্যতম হলেন চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন, রূপায়ণ সিটি উত্তরা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং টঙ্গী বিসিক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা এহসানুল হক সেলিম।
আরো ছিলেন বিশিষ্ট ইবিয়ান উদ্যোক্তা ও শিল্পপতি শহীদুল ইসলাম, মোহাম্মদ মহাসীন, তরুণ শিল্পপতি মো: মাসুদ রানা এবং মো: জালাল উদ্দীন (তুহিন) প্রমুখ। চমৎকার নৈশভোজ, আড্ডা আর আলোচনার পর অনুষ্ঠানের সমাপ্তিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো: মঞ্জুরুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হয় ইবিয়ান ক্লাবের এই প্রথম সফল ও স্মরণীয় আয়োজন।