অভিযোগ না শুনলেই ব্যবস্থা

চাঁদাবাজি বন্ধে কাওরান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি বন্ধ করতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে কাওরানবাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার। প্রাথমিকভাবে সেখানে ২০ পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। গতকাল নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনের বিষয়ে মো: সরওয়ার বলেন, কারওয়ানবাজার এলাকায় অপরাধ ‘শূন্যে’ নামিয়ে আনতে ক্যাম্পটি চালু করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এই ক্যাম্পে গোপনে অথবা প্রকাশ্যে এসে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ক্যাম্পে ২০ জন সদস্য দায়িত্ব পালন করলেও তাদের পেছনে ডিবিসহ পুলিশের অন্যান্য সংস্থা কাজ করবে বলেও জানান তিনি। ঢাকায় চাঁদাবাজসহ সব অপরাধীকে ধরতে বিশেষ অভিযান চলছে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অচিরেই ঢাকা চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করে রাজধানীবাসীকে স্বস্তি দেয়া হবে মন্তব্য করে তিনি বলেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, পরিবহন ব্যবসায়ী, কাঁচাবাজার ব্যবসায়ীসহ অন্যদের আমরা কমফোর্ট দিতে পারব। চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য কমে যাবে বলে আমরা আশা করছি।

কমিশনার বলেন, থানার কাজই হলো মামলা নেয়া। উল্লেখ করে তিনি বলেন, সেখানে কেউ মামলা নিতে অনীহা প্রকাশ করলে থানার ওপরে আমাদের ২৪টা জোনাল এসির অফিস আছে, এই অফিসে আপনারা যাবেন। এরপরে আমাদের আটটা ক্রাইম ডিভিশনের ডিসি আছে। এখানে আপনারা অভিযোগ করবেন বা যোগাযোগ করবেন।

মামলা নিতে দেরি করালেও ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগসহ পরবর্তী ধাপে যাওয়ার পরামর্শ দেন তিনি। পুলিশ সদস্যের অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে অপরাধের সাথে পুলিশের জড়ানোর কোনো সুযোগ নেই। তারপরও কোনো পুলিশ সদস্য ‘গোপনে বা অন্যভাবে’ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ আইনি ব্যবস্থা নেয়ার প্রচলন রয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, কেউ যদি মনে করেন প্রকাশ্যে তথ্য দেবেন না, তারা গোপনে ক্যাম্পে যেকোনো তথ্য দিয়ে যেতে পারবেন। ‘সর্বোচ্চ গোপনীয়তা’ রক্ষা করে পুলিশ ব্যবস্থা নেবে।