বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ফের শীর্ষে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩৯ স্কোর নিয়ে সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে নামে। গতকাল সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। মাঝে শহরটির বায়ুমান বৃষ্টির কারণে কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই শহরটির বাতাসে ফের বেড়েছে দূষণ।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।