তমিজ উদ্দীন লোদী

শবেকদর : হাজার মাসের চেয়েও উত্তম

Printed Edition
eid
শবেকদর : হাজার মাসের চেয়েও উত্তম

তুমি কি তখন জেগেছিলে?

আমি জেগেছিলাম, আমার মনে হয়েছিল

আকাশ থেকে ফেরেশতারা নেমেছিল

তারা যেন বলছিল -‘পড়ো তোমার প্রভুর নামে’।

কিংবা হয়তো এটাই সেই নাজিলের অন্যপাঠ।

হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত

তার মানে কী?

সময়ের ঘড়ি থমকে যায়

যে রাত নিজেই হয়ে ওঠে সময়

সেখানে ঘড়ির কাঁটা দুটো

একটি সরলরেখায় মিশে যায় অনন্তের সাথে।

একটি শব্দ- যা উচ্চারিত হয় নিঃশ্বাসের আগে

এবং ধ্বনিত হয় মৃত্যুর পরে।

আকাশ তখন আর দূরত্ব নয়

বরং নিঃশ্বাসের ভেতর জমে থাকা

একটি নক্ষত্রের ভর,

যে ভর নিজেই মাধ্যাকর্ষণ।

যে রাতে ফেরেশতারা নেমে আসে

তাদের ডানার শব্দ হয় না

বরং আমাদের চেতনার ভেতর

তারা অনুরণিত হয়,

যেমন একটি সুর যে শোনা যায় না

অথচ সমস্ত বাদ্যযন্ত্র থেমে গেলেও থেকে যায়।

সে রাতে প্রতিটি অক্ষর নিজেই কিতাব,

প্রতিটি নিঃশ্বাস নিজেই নাজিল।

সে রাতে দোয়া মানে চাওয়া নয়

বরং নিজেকে মুছে ফেলা,

যাতে কিছু চাওয়ার আগেই শুধু থাকে শূন্যতা

আর সেই শূন্যতাই হয়ে ওঠে

পূর্ণতার একমাত্র রূপ।

একটি রাত যার শুরু নেই শেষ নেই

অথচ সমস্ত রাত শুরু হয় সেখানেই

আর শেষও হয় সেখানেই,

যেমন একটি বৃত্ত যার পরিধি সর্বত্র

কিন্তু কেন্দ্র কোথাও নেই।