বসুন্ধরা-মোহামেডান ম্যাচ ড্র
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষে অবস্থান বসুন্ধরা কিংসের। যদিও তারা লিগের সর্বশেষ ম্যাচে হারের তেতো স্বাদ নেয়। সে ধারাক্রমে ফেডারেশন কাপেও জিততে ব্যর্থ মারিও গোমেজের দল। গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে এ দুই দল। এতে গ্রুপের পয়েন্ট তালিকার চারে আছে বসুন্ধরা কিংস। ২ খেলায় ২ পয়েন্ট তাদের। অন্য দিকে ৩ খেলা শেষে ফর্টিস এফসির সাথে ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে মোহামেডান। তবে গোল পার্থক্যে এগিয়ে ফর্টিস। ৩-এ আছে বাংলাদেশ পুলিশ। তাদের পয়েন্ট ৩।
১২ ডিসেম্বর লিগের ম্যাচে মোহামেডানকে ২-০তে হারিয়েছিল বসুন্ধরা কিংস। কাল তাদের পক্ষে জেতা সম্ভব হয়নি গোল মিসের কারণে। বিপরীতে মোহামেডানও তিন পয়েন্ট ভাণ্ডারে নিয়ে আগের হারের বদলা নিতে ব্যর্থ হয়েছে ফরোয়ার্ড লাইন গোল করতে না পারায়। ম্যাচের ৩ মিনিট বয়সে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুলে পাস থেকে সৃষ্টি চান্সে বসুন্ধরা গোল পায়নি। তা জালে যায়নি মোহামেডান কিপার সুজন হোসেনের দৃঢ়তায়। তিনি রুখে দেন রাকিবের শট। ৩১ মিনিটে ফের ভুল শাকিল তপুর। এবার স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের শট পোস্ট ঘেঁষে গেলে রক্ষা সাদা কালো শিবিরের।
বিরতির পর আলফাজ আহমেদের দল খেলায় গতি বাড়ালেও গোল পায়নি। ৬১ মিনিটে মোহামেডানের মোজাফফরভের ফ্রি-কিকে বাধা ছিলেন বিপক্ষ কিপার জিকো।