মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার (২৭ মার্চ) জানিয়েছে, তারা জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার নতুন আর্থিক সহায়তা প্রদান করবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ’ডব্লিউএফপির মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা দশ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। আমাদের আন্তর্জাতিক অংশীদারদের এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে বোঝা ভাগ করে নেয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ।’

এমন এক সময়ে এই অনুদানটি দেয়া হলো যখন ট্রাম্প ও তার প্রশাসন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বিদেশী সহায়তায় ব্যাপক কাটছাঁট ও ফেডারেল ব্যয় ব্যাপকভাবে কমাতে নানা সিদ্ধান্ত গ্রহণ করছেন।

এরই পরিপ্রেক্ষিতে জাতিসঙ্ঘের দুটি সংস্থা সতর্ক করে দিয়েছিল, তহবিল ঘাটতি দেখা দিলে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য রেশন সীমিত করতে হতে পারে। শরণার্থীরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন, সহায়তা হ্রাসের ফলে ক্ষুধা আরো বাড়বে, গুরুতর স্বাস্থ্যসেবায় ঘাটতি দেখা দিবে এবং অপরাধ বাড়বে।

পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ ছিল। দেশটি প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। কিন্তু জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর সাম্প্রতিক তহবিল স্থগিত করার ফলে কমপক্ষে পাঁচটি হাসপাতাল তাদের সেবা কমিয়ে ফেলতে বাধ্য হয়।

ট্রাম্প ও তার মিত্র প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রধান মার্কিন বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএইড বন্ধ করে দিয়েছেন এবং এর অবশিষ্টাংশগুলোকে পররাষ্ট্র দফতরের সাথে একীভূত করেছেন। সংস্থাগুলোর সাথে সংশ্লিষ্ট শত শত কর্মীদের বরখাস্ত করেছেন এবং কোটি কোটি ডলারের পরিষেবা বন্ধ করে দিয়েছেন যার ওপর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নির্ভরশীল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফেব্রুয়ারিতে সব ধরনের জীবন রক্ষাকারী সহায়তা ও এই ধরনের সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় যুক্তিসঙ্গত প্রশাসনিক খরচ মওকুফ করেছিলেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই মাসের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছে, ইউএসএআইডি বন্ধের প্রক্রিয়া তত্ত্বাবধানকারী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য সাহায্যও পর্যায়ক্রমে বন্ধ করার প্রস্তাব করেছিলেন।

সূত্র : রয়টার্স