টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড এবং আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসঙ্ঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার পেয়েছে আকিজ এসেনশিয়ালস লিমিটেড।

প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ এসেনশিয়ালস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ইএসজি ও সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন ও সিনিয়র অফিসার মো: ইবতেহাজ ইফরিত।

অনুষ্ঠান থেকে জানানো হয়, সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সাথে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হয়।

এ বিষয়ে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন জানান, এ স্বীকৃতি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বেরও বিষয়। ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরো গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি ভবিষ্যতে আরো পরিমাপযোগ্য ও কার্যকর উদ্যোগ নিতে আমাদের উৎসাহিত করবে। এই দ্বৈত স্বীকৃতি আকিজ রিসোর্সের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা এবং অংশীজনদের সাথে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।