বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি, বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

বুধবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়েছে নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্ৰেফতারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন বলে স্বীকার করেছেন।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।