জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা: কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের পরিবারের সদস্যদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন।
জুলাই অভ্যুত্থানে দু’জন চিকিৎসক শহীদ হয়েছিলেন। যাদের একজন ছিলেন ডা: সজীব। তিনি ঢাকার উত্তরায় শহীদ হন ১৮ জুলাই। আর ডা: কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ আগষ্ট। তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর আগে শহীদ ডা: সজীবের পরিবারের সাথে দেখা করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকূল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসকদল।
এ সময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কণ্ঠস্বর তোলা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন।
এ সময় তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।