ইসরাইলের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল।
গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা: তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠাই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য।’
ইসরাইলি পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি বলেন, ‘যেভাবে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে আমরা পতন নামিয়েছি; তেমনি ইসরাইলি পণ্য বয়কট করব আমরা।’
তিনি আরো বলেন, ‘গাজা ও রাফাকে মুসলিম শূন্য করে দেয়ার মিশনে নেমেছে ইসরাইল। কিন্তু তাদের এই মানবতাবিরোধী মিশনকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা সেটিকে সমর্থন করি।’
ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘এই স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরাইল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে তারা। তার বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নির্দেশনায় আজ সারা বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদের অংশ হিসেবে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তাওহীদুল ইসলাম সৈকত। এছাড়া উপস্থিত ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, মো: মহসীন আলী, মাহিরুল ইসলাম মাহির, নয়ন হোসেন, আরিফ হোসেন সৈকত, জিদ্দান আদনান, মোসাদ্দেক হোসেন সৌরভ, রাফিন আহমেদসহ আরো অনেকে।