‘আদালতকে সম্মান জানাই, শপথ নেব কি না এটা দলীয় সিদ্ধান্ত’ বলে জানিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিকে একই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানকে ইশরাকের রায়ের বিষয়ে অবহিত করা হবে। তার শপথ নেয়াসহ অন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শুরু করা হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আদালতের মাধ্যম মেয়র হিসেবে ঘোষণা পাওয়ার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দু’ নেতা এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আদালত সুবিচার করছে, এটা গণতন্ত্রের লড়াই, গণতন্ত্র সুবিচারকে এগিয়ে নিয়ে যায়। আমরা ফ্যাসিস্টের পতনের পর গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই রায়ে প্রমাণিত হয়েছে, প্রকৌশলী ইশরাক হোসেন জনতার মেয়র।’
ইশরাক বলেন, ‘২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হয়। ওই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতে যথাযথ রায়ের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।