‘ক্ষমতা ধরে রাখার চিন্তাতেই ব্যস্ত বর্তমান সরকার’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে।

বুধবার (১৬ এপ্রিল) ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মাণে ভূমিকা রাখা শিল্পী মোনেরেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার প্রতিক্রিয়ায় জানাতে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ যে কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তার উদাহরণ। এদের কোনো মানবতাবোধ নেই। এরা শুধুমাত্র ক্ষমতার আরাধনা করতো, তা করতে গিয়ে জনগণের সম্পদ লুট করেছে।’

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, ফ্যাসিবাদের পতন হলেও তাদের অথর্নৈতিক পতন হয়নি। পলাতক স্বৈরাচারের দোষররাই এই কাজটা করেছে। ফ্যাসিবাদের বিষাক্ত থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উঁকি দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমার কষ্ট লাগে এখন যে সরকার আছে তারা নীরব। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত আছেন। অন্তর্বর্তী সরকারের প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে। তাদের মধ্যে নূন্যতম আন্তরিকতা ও উদ্যোগ নেই বলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি।’

ফ্যাসিবাসের দোসরদের দমন করা, তাদেরকে আইনের আওতায় আনা এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে রিজভী বলেন, ‘এ সরকার তা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে বারবার গণতন্ত্রকামী মানুষরা হামলার শিকার হচ্ছে। প্রশাসনের অনেককে বদলি করা হয়েছে। তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। এসব করলে হবে না। ফ্যাসিবাদের দোসর প্রশাসনের লোকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এসবে কর্ণপাত করেনি বলে মোনেরেন্দ্র ঘোষের মতো শিল্পী ও সংস্কৃতি কর্মীর ওপর তারা আঘাত করেছে এবং তার গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে।’