সাহিত্যচর্চায় নবীন লেখকদের উৎসাহ দিতে বইনামা আয়োজিত ‘বইনামা লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন নয়জন লেখক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রবন্ধে ডা. মোজাম্মেল হক, কবিতায় সাব্বির আহমাদ, উপন্যাসে মনিকা পারভীন বর্ষা, গল্পে রাসেল রাজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে হাবিবুল করিম, ক্যারিয়ার ও আত্মউন্নয়নে আবদুল্লাহ হামজা, ধর্ম বিষয়ে মো: বিপ্লব হোসেন, কিশোর সাহিত্যে আহমাদ আব্দুল্লাহ উসামা এবং শিশু সাহিত্যে ইভা জান্নাত শহিদা।

জানা গেছে, নতুন লেখকদের জন্য আয়োজিত এ পুরস্কারের জন্য ১ আগস্ট থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয় এবং ৩১ আগস্ট ছিল জমা দেয়ার শেষ তারিখ। সহস্রাধিক পাণ্ডুলিপি জমা পড়ার পর বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পুরস্কার বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন- ডেইলি স্টার (বাংলা) সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ, জাগো নিউজের ফিচার ইনচার্জ সালাহ উদ্দিন মাহমুদ, কবি খালেদ রাহী, দৈনিক ইত্তেফাকের ‘ভিন্ন চোখে’ ফিচার পাতার ইনচার্জ নুরুল করিম এবং লেখক ও করপোরেট ট্রেইনার ইলিয়াস হোসেন।

বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান বলেন, ‘এত ভালো পাণ্ডুলিপি জমা পড়েছে যে বাছাই করতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা। আর যারা এবার সফল হতে পারেননি, তাদের প্রতিও রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা।’

এদিকে, সংশ্লিষ্টরা মনে করছেন সাহিত্য অঙ্গনে নবীনদের অংশগ্রহণ ও সৃজনশীলতা বিকাশে বইনামার এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।