ভোলার ইলিশা লঞ্চঘাটে নৌকাডুবির ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল ১০টায় ভোলার সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা নদীতে ডুবে যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে বোটে থাকা দুইজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।
পরবর্তীতে ডুবে যাওয়া বোট উদ্ধার করে বোটসহ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।