অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কে রাজনৈতিক সফরসঙ্গীদের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্লেষক মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেছেন, এই হামলা শুধু ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার ওপরও হামলা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীর সেনানী ও এক নারী রাজনৈতিক নেত্রীর ওপর ‘জঙ্গী’ কায়দায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হামলে পড়া নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নেবে।

মুশফিকুল ফজল আনসারী বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর যে নিন্দনীয় আক্রমণ চালানো হয়েছে, তা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের এই সময়টা নিরাপত্তার দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আসা বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ সম্প্রতি বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের সমর্থকদের হাতে আক্রমণের শিকার হয়েছেন। আমি নিশ্চিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সহকর্মীরা এসব ব্যাপার সামনে রেখেই তাদের পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু অনেকে জানতে চেয়েছেন, বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো কি না?

তিনি আরো বলেন, আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য, আর আজ এমন সময়ে এসে যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়- তাহলে সেটি কেবল অবহেলা নয়, ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা।