রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন।

রাত সোয়া ১টায় খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন নয়া দিগন্তকে বলেন, আহত তরুণ এখনো বেঁচে আছে। তাকে ঢাকা মেডিক্যাল থেকে কুর্মিটোলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

এর আগে রাত সোয়া ১২টায় খিলক্ষেত থানার এএসআই ইসমাইল হোসেন নয়া দিগন্তকে বলেছিলেন, ধর্ষকের অভিযোগে যে তরুণকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে বেধম মারধর করা হয়েছে তিনি মারা গেছেন।

ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন তখন বলেছিলেন, ‘মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনেন। এরপর বিক্ষুব্ধরা ওই ধর্ষক তরুণকে পিটিয়ে হত্যা করে। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।’

তিনি আরো বলেন, ‘রাত সোয়া ১২টা পর্যন্ত তাদের সাত থেকে আটজন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছেন। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।’

প্রাথমিকভাবে ওই তরুণের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।