ই-অরেঞ্জ বিডির সিইও আমান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। বিমানবন্দর থাকায় তার নামে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিন রাতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা বলেন, ‘শুক্রবার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি হত্যা মামলা রয়েছে। তবে এ হত্যা মামলাটি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হয়েছিল কিনা তা জানা যায়নি।

পুলিশ জানায়, ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ আমান উল্লাহকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছিল। ওই সময় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই-কমার্সের নামে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হলে তাদেরকে গ্রেফতার করে আদালত কারাগারে পাঠান। ওই মামলারও আমান উল্লাহ এজাহারভুক্ত আসামি।

প্রতারণার শিকার মো: তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক ই-অরেঞ্জের মাসুকুর রহমান, আমানউল্লাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ আরো কয়েকজনকে আসামি করে গুলশানা থানার একটি মামলা করেছিলেন।