জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেছেন, ইনফর্মাল সেক্টরকে দক্ষ জনশক্তির মাধ্যমে সরকার আরো গতিশীল করে তুলবে। সরকার এ সেক্টরকে নিয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়ের কমিটি গঠিত হয়েছে। আগামীতে আপনারা ইনফর্মাল সেক্টরকে একটি লাভজনক সেক্টর হিসেবে দেখবেন। দেশের অর্থনৈতিক খাতে ইনফর্মাল সেক্টরের বড় ভূমিকা থাকবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আইএলও এবং ইনফর্মাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের উদ্যোগে পলিসি ডায়ালগ অন মেইনস্ট্রিমিং ইনক্লুসিভ অ্যান্ড গ্রিন স্কিল ইন ইনফর্মাল পলিসি শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইএসআইএসসির চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এনএসডিএ সদস্য (পরিকল্পনা ও স্কিল স্ট্র্যান্ডার্ড) যুগ্ম সচিব মিনা মাসুদ-উজ-জামান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পলিসি) সুলতানা ইয়াসমিন, আইএলও চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ফেডরো জু. বেলেন, এনএসডিএ পিএস টু ইসি (সচিব) এ কে এম ফয়সাল, আইএলও ন্যাশনাল কনসালটেন্ট মো: ফিরোজ আলম।

অনুষ্ঠানে পলিসি বিষয়ে দুটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। প্রেজেন্টেশন প্রদান করেন আইএসআইএসসির সিইও মো: আব্দুল আজিজ মুন্সী ও আইএলও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার এএনএম তানজিল আহসান। এ পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বাংলাদেশের ইনফরমাল সেক্টরের কর্ণধাররা উপস্থিত ছিলেন।