মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে তিন দিনব্যাপী তৃতীয় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স (ICMEAS 2025)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে।

আজ শনিবার শেষ হওয়া এই সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর এবং চীন ও আমিরাতের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের পুরস্কৃত করেন। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভবিষ্যতে যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সম্মেলনে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন- উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, তাপ প্রকৌশল, মহাকাশ ও অ্যাভিওনিক্স, অ্যারোডাইনামিক্স, হাইড্রোডাইনামিক্স, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ডিজাইন ও উৎপাদন, মেকাট্রনিক্স, রোবোটিক্স ইত্যাদি বিষয়ে সাম্প্রতিক গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এমআইএসটির শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ড্যান্ট, এমআইএসটি।

আয়োজকরা মনে করছেন, এই সম্মেলন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।