লিবিয়ার ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন আরো ১৭৬ বাংলাদেশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরে এসেছেন তারা

বৃহস্প‌তিবার (১৮ সেপ্টেম্বর) সকা‌লে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন।

সরকারের এক কর্মকর্তা জানান, গতকাল বুধবার আইওএমের সহায়তায় লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

আজ সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, দেশটিতে বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

তারই অংশ হিসেবে বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশীকে আইওএমের সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়। লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের বিদায় জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার নেতৃত্বাধীন দূতাবাসের প্রতিনিধি দল।

রাষ্ট্রদূত বলেন, অবৈধ অভিবাসনের ফলে ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও দুর্ভোগের শিকার হয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করে।

প্রত্যাবাসিতরা যাতে নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন, সেই আহ্বান জানান রাষ্ট্রদূত। পাশাপাশি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন তিনি।