পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ, অপরাধ ও বৈষম্যমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর উদ্দেশে দেয়া এক শুভেচ্ছা বাণীতে তারা এসব কথা বলেন।

মহানগরী নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর এক অতি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। বস্তুত, আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) নিজ ছেলে হযরত ঈসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রয়াসী হয়েছিলেন। সে আদর্শ অনুসরণেই মুসলিম উম্মাহ দিবসটিকে পবিত্র ঈদুল আজহা হিসেবে পালন করে আসছে। মহান আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। আর নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই পশু কোরবানির প্রকৃত উদ্দেশ্য।

এ প্রসঙ্গে কালামে হাকীমে বলা হয়েছে, ‘কোরবানির পশুর রক্ত, গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি’ (সুরা হজ্জ, আয়াত-৩৭)। তাই কোরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা বলেন, জাগতিক লোভ-লালসা ও কামনা-বাসনার উপর নিয়ন্ত্রণ আরোপ করে পশু প্রবৃত্তির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ও বিজয় অর্জনই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। অন্যায়-অসত্য, অনাচার-পাপাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতন, বিভেদ-বিসংবাদ বন্ধ করে সমাজ-রাষ্ট্রে সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির প্রকৃত কল্যাণ সাধন করা পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্য। কোরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় নিদর্শন। সে কল্যাণকে যথাযথভাবে কাজে লাগানোই মুমিন জীবনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য।

তারা আরো বলেন, সরকারের নির্লিপ্ততা ও উপর্যুপরি ব্যর্থতার কারণেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। ফলে দেশে অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সে ধারাবাহিকতায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করে দেশের পবিত্র জমিনকে কলঙ্কিত ও রক্তাক্ত করা হয়েছে। তাই এ দুর্বৃত্তের অনতিবিলম্বে বিচার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা কোরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা, হত্যা, ধর্ষণ ও দুর্নীতিসহ সকল প্রকার অপরাধ প্রবণতার বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নগরবাসীর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি