অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসাইন উপস্থিত ছিলেন।

এর আগে মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেন।

২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে করে নেয় দুর্নীতি দমন কমিশন।

ড. ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।