নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস, ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আলী ঈশিতার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষাপটে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জন, খাস জমি দখলের মাধ্যমে পাঁচতলা স্থায়ী বাণিজ্যিক হোটেল নির্মাণ এবং মানিলন্ডারিংসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সূত্র : বাসস