সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী খোরশেদ আলমের (৪৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় আব্দুল্লা সিদ্দিক নামে এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে খোরশেদকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লা সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল। খোরশেদ আলম এ মামলার একজন আসামি।দ