কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষাপটে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি তদন্তের স্বার্থে বর্ণিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সূত্র : বাসস