নারী চিকিৎসক দিয়ে নারীর লাশের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরি প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রোববার এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো: জুয়েল আজাদ।

নারী চিকিৎসক দিয়ে নারীর লাশের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে গত ১০ মার্চ হাইকোর্টে রিট করেন আইনজীবী মো: জুয়েল আজাদ। রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর লাশের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালা তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। সেই সাথে জেলা পর্যায়ে নারীর লাশের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সাথে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

এই রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদি (রেসপনডেন্ট) করা হয়।

সূত্র : বাসস