জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম গ্রেফতার হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।
৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। আর অনির্বান চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন।
গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গ্রেফতার দুই কর্মকর্তাই নরসিংদীতে কর্মরত ছিলেন।