রাজধানীর কারওয়ান বাজারে ২০১৫ সালে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় তেজগাঁও থানার আওয়ামী লীগের সক্রিয় কর্মী সাইমন হোসেনকে (৪৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)। আবেদনের প্রেক্ষাপটে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার তাকে কারওরান বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপি’র মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া।
রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলা চালানো হয়। এই ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা মামলা দায়ের করেন বিল্লাল হোসেন নামে বিএনপির এক কর্মী।
সূত্র : বাসস