মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: তাজুল ইসলাম আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।
তিনি বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। আজ শুনানিতে এ মামলার ১৭ জন আসামিকে আদালতে উপস্থিত করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্তের অগ্রগতির ব্যাপারে একটি রিপোর্ট আদালতকে প্রেরণ করা হয়েছে এবং জানানো হয়েছে যে আমাদের আরো দুই মাস সময় দরকার, আদালত তা মঞ্জুর করে আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্ধারণ করেছেন। আমরা সময় বেশি চাইলেও তদন্ত রিপোর্ট আগেই তৈরি হয়ে যেতে পারে। কোনো কোনো মামলার তদন্ত রিপোর্ট খুব দ্রুতই পাওয়ার সম্ভাবনা আছে।
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান ফজলুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় সময় আবেদনের শুনানি হয়েছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের আদালতে হাজির করা হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সূত্র : বাসস