বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জালিয়াতি করে ও মিথ্যা নালিশ এনে মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার একটি বিচারিক আদালতে এ আবেদন করেছেন হারুন অর রশিদ নামের একজন ব্যক্তি। এরই মধ্যে বাদির জবানবন্দী গ্রহণ করেছেন আদালত। আগামী ২৫ মে এ বিষয়ে আদেশ দেয়া হবে।

মশহুদ চৌধুরী ছাড়াও আরো যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন- দুদকের সাবেক কমিশনার হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান।

মামলার আবেদনে বলা হয়েছে, আসামিরাসহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে ‘মিথ্যা অভিযোগ সৃজনে’ যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন, তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।