শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’।

২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরো বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন।

এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।