দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সহযোগিতা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন একথা জানান।
এ সময় দুদক মহাপরিচালক বলেন, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেয়ার সুযোগ রয়েছে।
রাজধানীর গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মনিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।
মামলার তিন আসামি হলেন- টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো: খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নিয়ে ও পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ বা প্রদানের অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুদক। যা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।