গত সরকারের আমলে দায়ের করা সাত হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয় সুপারিশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘অনেক সময় এমন মামলা আসে, যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা না। এ বিষয় আমাদের অফিসাররা খুব আন্তরিকতার সাথে কাজ করছে।’

এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়ও কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার এ বিষয়ে তদন্তে গড়িমসি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমান টাকা লুট করা হয়েছে সেটি নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। কমিটিতে গভর্নরসহ আরো অনেকেই রয়েছে।’

তিনি জানান, ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার লুট করার পরিকল্পনা ছিল হ্যাকারদের। সেটি হলে দুর্ভিক্ষে পড়ত বাংলাদেশ।

এ বিষয়ে সিআইডির তদন্তে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তারা এ ঘটনায় জড়িত ছিল তাদের কমিটি থেকে বাদ দিতে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছিল।

এছাড়া এ ঘটনায় সিআইডির প্রাথমিক তদন্তে যাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি