তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইশতিয়াক আটক হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে কাকরাইলে। তদন্ত ছাড়াই কোনো পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এ আলটিমেটামের ঘোষণা দেন।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে,’ ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান,’ ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিন বলেন, ‘বোতল কাণ্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছোট ভাই ইসতিয়াককে ডিবি জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে নিয়ে গেছে। আমরা বলতে চাই, আমার ভাইয়ের কিছু হলে ডিবি অফিস ঘেরাও হবে। অবশ্যই এ বিষয়ের সুষ্ঠু তদন্ত করতে হবে।’
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, ‘ইসতিয়াকের কোনো ক্ষতি করা হলে জবিয়ানরা সর্বোচ্চ প্রতিবাদ জানাব। রাষ্ট্র যদি একটি বোতলের বিপরীতে টিয়ারশেল, গুলি ও রক্তকে দাঁড় করায় তাহলে তা পুরোপুরি অন্যায় হবে।’
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেটের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। এরপর আইনশৃঙ্খলাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন। শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।