বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক (বিএসসি) ডিগ্রিধারী কৃষিবিদদের অধিকার রক্ষা ও চলমান বৈষম্য নিরসনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ সমাবেশে কৃষি অনুষদের বিভিন্ন বর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি ভিসির বাসভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এসে শেষ হয়। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের আট দফার মধ্যে অযৌক্তিক দাবির প্রতিবাদ জানায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘আজ এমন আন্দোলন কেনো করতে হবে আমাদের, ক্লাস পরীক্ষা বর্জন করে? ডিপ্লোমাধারীরা তাদের অযৌক্তিক দাবি তুলেছেন, ২০২৪ পরবর্তী সময়ে আবারো কেনো সংরক্ষিত আসনের কথা উঠবে। তারা খামার বাড়ি দখল করার মতো সাহস পায় কোথা থেকে। তারা দেশে যেন বিশৃঙ্খলা করতে না পারে এজন্য শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান।’
এ সময় কৃষি অনুষদের স্নাতকোত্তর একজন শিক্ষার্থী বলেন, ‘পদোন্নতির নামে নবম গ্রেডের চাকরির সুযোগ নিয়ে ডিপ্লোমাধারীরা যে দাবি করছে তা অযৌক্তিক, এক প্রকার অবৈধ দাবি। আমরা এসএসসি, এইসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ নিয়ে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়। বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে অনার্স শেষে বিসিএসের মতো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করি। দিন-রাত কষ্ট করে নবম গ্রেডে গেজেটেড হয় অথচ এমন ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে নবম গ্রেডের দাবি, নিতান্তই হাস্যকর।’
সমাবেশে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন, ‘কৃষি গ্রাজুয়েটদের যে সম্মান, যে মর্যাদা ডিপ্লোমাধারীদের দাবি একসাথে মিলালে দেশের কৃষিবিদদের সম্মানের জায়গা ক্ষুণ্ন হয়। যার যেমন সম্মান তাকে তেমনটা দেয়া উচিত বলে মনে করি। এমনটি না হলে সর্বোপরি দেশের কৃষি খাতের ক্ষতি হবে।’
সমাবেশ শেষে শিক্ষার্থীরা বাকৃবি ভিসি বরাবর কৃষিবিদদের অধিকার রক্ষায় ছয় দফা দাবির স্মারকলিপি জমা দেন।
বিএসসি কৃষিবিদদের ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘কৃষিবিদদের যৌক্তিক দাবির প্রতি সব সময় সমর্থন জানিয়ে এসেছি। ছয় দফা দাবি যথেষ্ট যৌক্তিক, আমি পূর্ণ সমর্থন জানাই। যেকোনো সহযোগিতায় আমি পাশে থাকব।’