গত ১৪ মে ‘লং মার্চ টু যমুনা’য় জবি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

রোববার (১৮ মে) দুপুর ২টার দিকে জবির ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দফতর সম্পাদক কামরুজ্জামান কায়েসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জুনাইদ মাসুদ, নওশীন নাওয়ার জয়া, কার্যকরী সদস্য কাজী মারুফ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্যে কামরুজ্জামান কায়েস বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে সেখানে গিয়েছিল। পুলিশের হামলার সর্বোচ্চ বিচার চাই। তারা অন্যায়ভাবে হামলা করেছে। ডিবি কার্যালয়ে হুসাইনকে ২৬ ঘণ্টা রাখা হয়েছে এর বিচার চাই। সাংবাদিক, শিক্ষার্থী ও শিক্ষকদের যে হামলা করেছে, আমরা তারও বিচার চাই। "

এছাড়া ওমর ফারুক শ্রাবণ বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার ধারা অনুযায়ী, সকলেই তার মতামত রাখতে পারবে। আমরা শান্তিপূর্ণ দাবিতে ছিলাম। কিন্তু আমাদের বর্বর হামলা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

নওশীন নাওয়ার জয়া বলেন, ‘আমাদের শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা করেছে। মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। উপদেষ্টার ওপর যেটা হয়েছে, সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু ওই ছেলেকে গুম করে রাখা হয়েছে। এটা ফ্যাসিস্ট সংস্কৃতি। এটা জারি করতে আমরা দিব না।’

সংগঠনটির সাধারণ সম্পাদক জুনাইদ মাসুদ বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে পুলিশ প্রশাসন। আমরা সরকার থেকে কোনো বিবৃতি বা ক্ষমা চাইতে দেখেনি। আমাদের শিক্ষকদের লাঞ্ছনা করা করা হয়েছে। এসব সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমরা এসবের বিচার চাই।’