মুসলিম বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ও ওআইসি-কমস্টেকের কোঅর্ডিনেটর জেনারেল প্রফেসর ড. এম. ইকবাল চৌধুরীর সাথে দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসি-কমস্টেক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উচ্চশিক্ষা ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে যোগ দিতে প্রফেসর ড. এম. ইকবাল চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে আমন্ত্রণ জানান। প্রফেসর ড. এম. ইকবাল চৌধুরী নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ: ৩য় ইয়ুথ ফোরাম অন এগ্রিকালচারাল বায়োটেকনোলজিতে বিশেষ বক্তা হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসেন।
বৈঠকে অন্য সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ভিসি প্রফেসর ড. সাইফুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. এম. লুৎফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।