স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন শেষে ছয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনে শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেন এবং এসব দাবি না মানলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, ডিপ্লোমাধারী কৃষিবিদদের আট দফা দাবি অযৌক্তিক। অন্তর্বর্তী সরকারকে এসব দাবি গ্রহণ না করার আহ্বান জানান তারা। ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের সকল ধরনের বৈষম্য দূর করা। অথচ স্নাতক কৃষিবিদদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেয়া হচ্ছে না।
তারা আরো বলেন, দেশের কৃষি উন্নয়নে বিএসসি কৃষিবিদরা নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং উচ্চফলনশীল জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই জায়গায় যদি ডিপ্লোমাধারীদের নিয়োগ দেয়া হয়, তাহলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পিছিয়ে পড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো
১. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
২. বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিসিএস) পরীক্ষা ব্যতীত কোনোভাবেই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদ (নবম গ্রেড) এ যোগদান করতে পারবে না। ১০ম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ১০ম গ্রেডের পদগুলো গ্যাজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।
৩. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহ অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের নবম গ্রেড এ পদোন্নতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।
৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের পর্বে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষিবিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদফতর) এর অধীনেই রাখতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রবিউল ইসলাম, ‘আব্দুল্লাহ আল মুন্না, রেজভী মাহমুদ, আবু বক্কর সিদ্দিক, সানাউল্লাহ শেখ এবং ওবায়দুল্লাহ। এছাড়া মানববন্ধনে কৃষি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।