ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কোরআন বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেখানে কোরআনের পাশাপাশি ছাত্রশিবিরের ঐতিহাসিক কোরআন দিবসের পটভূমি সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে তারা। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে কোরআন সংগ্রহ করছেন।
সরেজমিনে দেখা যায়, একটি ছাউনির নিচে টেবিলে সুন্দরভাবে সাজানো রয়েছে কোরআন শরীফ। আগ্রহী শিক্ষার্থীরা সেখানে এসে কোরআন গ্রহণ করছেন এবং শিবিরের কার্যক্রম সম্পর্কেও অবগত হচ্ছেন।
আয়োজকেরা জানান, কোরআন বিতরণ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ব্যাপক সাড়া মিলেছে। সকলের মাঝে ১২০০ কপি কোরআন বিতরণ করা হবে। এখন পর্যন্ত সাড়ে চার শতাধিক কোরআন বিতরণ করা হয়েছে।
কোরআন নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস শেষে হলের দিকে যাচ্ছিলাম তখন দেখি কোরআন বিতরণের এই আয়োজন। সেটি দেখে বেশ ভালো লাগছে। দেখলাম এটি বাংলা অনুবাদ করা আছে আসলে আমরা কোরআন পড়ি কিন্তু অর্থ জানি না, অর্থ জানা জরুরি। এই আয়োজনটি অনেক সুন্দর হয়েছে।
ভেটেনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবা সাদিয়া বলেন, ‘আজকের এই উদ্যোগটি অনেক ভালো লাগছে। আমি মূলত কোরআন শরীফটি নিচ্ছি আমার মায়ের জন্য। এছাড়া আয়োজনটি আমাদেরকে কোরআন শরীফ পড়ার জন্য আরও উদ্বুদ্ধ করছে।’
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘১১ মে আমাদের কোরআন দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং আশপাশে যারা আছেন তাদের মাঝে কোরআন উপহার দেয়া হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে আমরা তা করতে পারিনি। তবে আজকে আবহাওয়া ভালো থাকায় আমরা কর্মসূচি বাস্তবায়নে সকলের মাঝে কোরআন উপহার দিচ্ছি।
তিনি বলেন, আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি করতে চাচ্ছি। ছাত্রদের যেকোনো যৌক্তিক দাবিতে ছাত্রশিবির সবসময় পাশে আছে। আমাদের পাশে পরামর্শ বক্স রয়েছে সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে, আমরা আগামীতে কীভাবে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করতে পারি। সেই আলোকে আমরা ক্যাম্পাসে কর্মসূচি সাজাবো এবং বাস্তবায়ন করব। শিক্ষার্থী বন্ধুদের আহ্বান করবো আমাদের যেকোনো পরামর্শ দিবেন। যাতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ভালো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর থাকে।