রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় সেনাবাহিনীর একটি চৌকস দল সন্ত্রাসী মো: নয়ন (২০) এবং তার তিন সহযোগীকে ককটেল বোমা এবং বিভিন্ন দেশে অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতার অন্যরা হলেন মো: হৃদয় (২৬), মো: মেহেদী হোসেন (২১) ও মো: আল-আমিন (২১)।

মোহাম্মদপুর সেনাবাহিনী ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশে অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায় এবং চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। ওই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার মূল হোতা নয়ন এবং তার কিশোর গ্যাং দল।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তি সহায়তায় নয়নের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করা হচ্ছি। সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে ভোররাত ৪টায় একটি অভিযান পরিচালনা করে প্রথমে নয়নকে গ্রেফতার করা হয়। পরে নয়নের দেয়া তথ্যের ভিত্তিতে তার আরো তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের বিভিন্ন আস্তানা তল্লাশি করে দু’টি ককটেল বোমা, বেশ কিছু সামুরাই, চাপাতি ও বিভিন্ন প্রকার ছুরি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারা এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, লোকজনকে আহত করে, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে থাকে বলে স্বীকার করেন। তাদের কাছ থেকে তাদের অন্যান্য সহযোগীদের তথ্য পাওয়া যায়, যা যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।