রাজধানীর ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারধরে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নাঈম কিবরিয়ার পাবনা সদর জেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মফিজুল হক বলেন, ‘আমরা জানতে পেরেছি, দিবাগত রাতে প্রাইভেটকার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল থেকে আরোহীরা নেমে প্রাইভেটকারচালককে কিল-ঘুসি দিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলেই ওখানেই তার মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।