বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের একজন সরোয়ার হোসেন স্বপনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর বাবুবাজার এলাকার আলিফ লাম মিম কমপ্লেক্সের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার স্বপন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ-সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

এ ঘটনায় নিহতের মা ইসমত আরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় আরো একটি মামলা করেন।

বর্তমানে মামলাটির তদন্ত পরিচালনা করছে সিআইডি, ঢাকা মেট্রো (দক্ষিণ) বিভাগ। গ্রেফতার স্বপনকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।