ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা ও বিভাগে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানের ঘটনায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়াদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন এবং রমনা বিভাগে ৩৪ জন রয়েছেন। এছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার, নয়টি মোবাইল ফোন, দুইটি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঢাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।