ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার ভোর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আতুল গাজী (২৭) ও ইফরাত হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তারা মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে শ্রীনগর উপজেলার সমষপুর ব্রিজের ওপর মাওয়ামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর আহবান জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।