রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী, হৃদরোগ, পঙ্গু ও শিশু হাসপাতালে দালাল চক্রের ১৫ জনকে আটক করেছে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ রোববার হাসপাতালগুলোতে দালাল বিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ, পঙ্গু ও শিশু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহিতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভালো সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে।
চক্রটি অল্প সময়ে ডাক্তারি সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
এসব তথ্যের ভিত্তিতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু হাসানের নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
সূত্র : বাসস