পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিনই মাদক কারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে আরো দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এ দুইজনসহ গত দুই মাসে প্রায় ৪০ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে দণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহেদ আলী (৫৭) এবং বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের জোনাব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫)।

এর আগে, সোমবার সন্ধ্যায় চাটমোহর থানার পৃথক অভিযানে এ দুইজন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অলিউর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে পারলে এ উপজেলার অপরাধ প্রবণতা কমে যাবে। সেই কারণে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদককের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।